জামালপুরের বকশীগঞ্জে পুকুরে পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর এলাকার একটি পুকুর থেকে পুলিশ মর্টারশেলটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ধানুয়া এলাকার সাদা মিয়ার পুকুরে এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এ সময় পুকুরের এক কোনায় পাওয়া মর্টারশেলটি লোহার বস্তু ভেবে বাসায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের চোখে পড়ে। পরে জানতে পারেন জং ধরা লোহা সদৃশ বস্তুটি একটি বোমা। এ নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি হেফাজতে নেয়। এ সময় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহারের জন্য মর্টারশেলটি কামালপুরে আনা হয়েছিল। নিক্ষেপ করতে না পেরে বা অন্য কোনো কারণে অবিস্ফোরিত অবস্থায় সেটি দীর্ঘদিন মাটির নিচেই ছিল।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, আসলে বস্তুটি মর্টারশেল সদৃশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আপাতত নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বোম্ব ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে ধ্বংস করা হতে পারে।



