সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক প্রবর্তিত ও জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন সিলেটে কর্মরত চারজন পেশাদার সাংবাদিক।
অ্যাওয়ার্ড বিজয়ীরা হলেন, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার (প্রিন্ট মিডিয়া), সময় টেলিভিশনের রিপোর্টার জয়ন্ত কুমার দাস (ইলেক্ট্রনিক মিডিয়া), চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার আজহার উদ্দিন শিমুল (ইলেক্ট্রনিক মিডিয়া) এবং বার্তা টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মো: মশাহিদ আলী (অনলাইন মিডিয়া)।
সিলেট অনলাইন প্রেসক্লাবের জুরিবোর্ড প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে জুলাই গণঅভ্যুত্থানকালীন ও পরবর্তী সময়ে প্রকাশিত/সম্প্রচারিত প্রতিবেদনের জন্য চলতি বছরে শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের জন্য এই চারজন সাংবাদিককে মনোনীত করেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য ও সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরীর নেতৃত্বে জুরিবোর্ডের সদস্য হিসেবে ছিলেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ ও মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার। জুরিবোর্ডকে সার্বিক সহযোগিতা করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব-এর স্মৃতি রক্ষার্থে গত বছর থেকে সিলেট অনলাইন প্রেসক্লাব এই অ্যাওয়ার্ড চালু করে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত শুধুমাত্র পেশাদার সংবাদকর্মীদের এই অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মিদুল।
২০২৬ সালে অ্যাওয়ার্ড প্রাপ্ত চার সাংবাদিককে আগামী ৩ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেয়া হবে।



