মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পুরাতন দরবেশপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফ হোসেন মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের পশ্চিমপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের কামাল হোসেনের ছেলে হোসাইন (১৪), এবং মোমিনপুর গ্রামের শ্রী রঞ্জিত কুমার পাত্রের ছেলে শ্রী ইন্দ্রজিৎ পাত্র (৩৫) ও তার ভাই শ্রী সাজু পাত্র (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাফ ও হোসাইন একটি মোটরসাইকেলে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরাফ হোসেনের মৃত্যু হয় এবং অন্যরা আহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে হোসাইনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল জব্দ করে বারাদী পুলিশ ক্যাম্পে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



