পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে তিন দিন ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। এতে এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে জীবনোর ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়ায় ট্রলারে ও স্প্রীট বোডে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন কিছু যাত্রী।
ফেরি চলাচল দ্রুত স্বাভাবিক না হলে এ নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহনে আরো দুর্ভোগ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ধাওয়াপাড়া ঘাটে থাকা দুটি ফেরির মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। অপর ফেরিটিও নদীর তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে নিরাপদে চলাচল করতে পারছে না।
স্থানীয় দোকানদার আজমল মন্ডল বলেন, ‘এই ঘাটের একটি ফেরি দুই থেকে তিন মাস আগেই নষ্ট হয়ে বন্ধ হয়ে আছে। যে ফেরিটি চলাচল করত, সেটিও তিন দিন ধরে বন্ধ রয়েছে। এখানে ভালো কোনো ফেরি নেই।’
স্থানীয় বাসিন্দা লতিফ শেখ বলেন, ‘এ ঘাটে মাঝেমধ্যেই ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। ফেরিগুলো অনেক পুরোনো ও নিম্নমানের। এখন পদ্মায় তীব্র স্রোত থাকায় তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।’
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে এসে অনেক যানবাহন ফিরে যাচ্ছে। আবার কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। এতে যাত্রীদের অতিরিক্ত সময় ও ভাড়া গুনতে হচ্ছে। ফলে দুর্ভোগ আরো বেড়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবিউল ইসলাম বলেন, ‘তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা ফেরির চাহিদার কথা কর্তৃপক্ষকে জানিয়েছি। বিষয়টি তারা দেখছে।’



