হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য রোধ, রোগীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দালালবিরোধী অভিযান পরিচালনা করেছে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে হাসপাতাল এলাকায় সচেতনতামূলক প্রচারণা, মাইকিং ও রোগীদের সরাসরি পরামর্শ দেয়ার মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
স্বেচ্ছাসেবীরা জানান, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল হলেও দীর্ঘদিন ধরে একটি অসাধু দালালচক্র রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
কার্যক্রম চলাকালে হ্যান্ড মাইকে রোগীদের দালালের প্রলোভনে না পড়ে সরাসরি হাসপাতালের সেবাকেন্দ্র থেকে তথ্য নেয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সন্দেহভাজন দালাল দেখলে কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করা হয়।
সতর্কতার পরও দালালচক্র সক্রিয় থাকলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে এবং অভিযুক্তদের নাম-ছবি হাসপাতালের গেটে প্রকাশ করে জনসচেতনতা তৈরির কথাও জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা ইয়াসিন আরাফাত, উপদলনেতা মো. ইউসুফ, এএসআই মাজেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মানবিক ও দালালমুক্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।



