বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বরিশালবাসী ভোটের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যে আস্থা ও সম্মান দেখিয়েছেন, উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে তিনি সেই আস্থার প্রতিদান দেবেন।
রোববার (১২ জুলাই) বিকেলে বরিশাল নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাশের সোহেল চত্বর থেকে তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। সোহেল চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর লঞ্চঘাট, বেলস পার্ক ও শিল্পকলা একাডেমির সামনের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বরিশালবাসীর ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য বরিশাল গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।
র্যালি ও মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



