কালীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

বিল থেকে মাছ ধরে বিক্রির জন্য জাকির তার বন্ধু শরিফের বাড়ির দিকে রওনা দেন। বন্ধুর বাড়ির কাছে পৌঁছলে হঠাৎ বজ্রপাতে জাকির আহত হয়ে সড়কেই পড়ে গিয়ে গুরুতর আহত হন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে জাকির হোসেন খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকির উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বারাইয়া গ্রামের সুলতান খানের ছেলে।

কালীগঞ্জ থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বিল থেকে মাছ ধরে বিক্রির জন্য জাকির তার বন্ধু শরিফের বাড়ির দিকে রওনা দেন। বন্ধুর বাড়ির কাছে পৌঁছলে হঠাৎ বজ্রপাতে জাকির আহত হয়ে সড়কেই পড়ে গিয়ে গুরুতর আহত হন।

এ সময় বাজার থেকে বাড়ি ফিরছিলেন প্রতিবেশী হামিদ খান। তিনি জাকিরকে সড়কে পড়ে থাকতে দেখে চিৎকার করে লোকজনকে ডাকাডাকি করেন। পরে স্থানীয়দের সহায়তায় জাকিরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।