নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (জিএসটি) গুচ্ছ ভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) নোবিপ্রবি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৬৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৮২০ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৭৭.৩৯ শতাংশ। পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্র সমূহ পরিদর্শন করেন।
এসময় প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: রোকনুজ্জামান সিদ্দিকী, ইইই বিভাগের অধ্যাপক ড. মোহা: আব্দুর রশিদ, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আলহামদুলিল্লাহ, গত শুক্রবার অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষার ন্যায় আজকের‘ বি’ ইউনিটের পরীক্ষাতে ও আমাদের নোয়াখালীবাসী সর্বাত্মক সহযোগিতা করেছে।
এছাড়া ও আইন শৃঙ্খল রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
এ সময় ভিসিসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও উপ-কমিটির সদস্যরা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫-২৬শিক্ষাবর্ষেও (জিএসটি) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সমাপ্ত হবে।



