পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের ইকরা মডেল মাদরাসায় ১৩৪ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পৌর এলাকার সবুজ পাড়া এলএসডি মোড় সংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তুরস্কের নাগরিকদের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়। তুর্কি নাগরিক আলতায় আককুছের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দেয়া হয়।
জানা যায়, বাংলাদেশ কোরআন-হাদীস অর্গানাইজেশন-এর উদ্যোগে হাসান চাকিল ও তার পরিবারের পক্ষ থেকে এ কোরআন শরীফ প্রদান করা হয়।
ইকরা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মো: শেখ ফরিদ বলেন, ‘প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় অনেকের পক্ষে নিজস্ব কোরআন সংগ্রহ করা সম্ভব হয় না। এ উদ্যোগ তাদের ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিদেশি নাগরিকদের এমন মানবিক সহায়তা বাংলাদেশ-তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।
শেষে মাদরাসার পক্ষ থেকে দাতা আলতায় আককুছ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।



