মানিকগঞ্জের সিংগাইরে একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর পশ্চিমপাড়া এলাকার মুন্সিবাড়ি (শহর মুন্সির বাড়ি) সংলগ্ন পুকুরের কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল থেকে শহর মুন্সির বাড়ির পেছনের পুকুর থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে স্থানীয়রা সেখানে খোঁজাখুঁজি করে কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসতে দেখেন। বিষয়টি তৎক্ষণাৎ তারা থানা পুলিশকে অবগত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করে। লাশটি দীর্ঘ সময় পানিতে থাকার কারণে পচে বিকৃত হয়ে গেছে বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পচে-গলে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



