মাওলানা আবুল কালাম আজাদ এমপি

দলীয় কিংবা স্বজনপ্রীতি নয়, প্রকৃত হকদারদেরই সহায়তা দেয়া হবে

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ‘দলীয় বিবেচনা বা স্বজনপ্রীতি নয়, সমাজের প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।’

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
কপোতাক্ষ কলেজ মিলনায়তনে মাওলানা আবুল কালাম আজাদ এমপি
কপোতাক্ষ কলেজ মিলনায়তনে মাওলানা আবুল কালাম আজাদ এমপি |নয়া দিগন্ত

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ‘দলীয় বিবেচনা বা স্বজনপ্রীতি নয়, সমাজের প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।’

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই তাদের হক নষ্ট করা যাবে না। গরিবের প্রাপ্য কেড়ে নিয়ে স্বজনপ্রীতি করার সুযোগ নেই। যারা প্রকৃত অভাবগ্রস্ত, তাদের খুঁজে বের করে সহায়তা পৌঁছে দেয়ার মাধ্যমে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এমপি আবুল কালাম আজাদ আরো বলেন, ‘অতীতে দলীয়করণের মাধ্যমে ত্রাণ ও সহায়তা বিতরণের অভিযোগ ছিল। এখন থেকে নিয়ম অনুযায়ী প্রকৃত হকদারদের মাঝেই এসব বিতরণ নিশ্চিত করা হবে। সরকারি অর্থের লুটপাট বা তছরুপ বরদাশত করা হবে না। এ ধরনের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের ৪৩৫ জন অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্যাহ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্যাহ আল জাবির, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল্যাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মো: মিজানুর রহমান, বাগালী ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহাবুদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ানের জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।