নাটোরের নলডাঙ্গায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নলডাঙ্গা পৌর কমিটির সাধারণ সম্পাদক মো: আকবর আলীর ওপর হামলা করে নগদ এক লাখ চল্লিশ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নলডাঙ্গা পৌর বিএনপির তিন নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো: বাবর আলী বাচ্চু তার সহযোগীদের বিরুদ্ধে ভুক্তভোগী জাসাস নেতা নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে পৌর জাসাস সাধারণ সম্পাদক মো: আকবর আলী বাড়ি ফেরার পথে নলডাঙ্গা পৌর বিএনপির তিন নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো: বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে পথরোধ করে এবং লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ সূত্রে জানা যায়।
এ সময় আকবর আলী প্রাণ বাঁচাতে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে জাসাস নেতার এক লাখ চল্লিশ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে দলবল নিয়ে বাবর আলী বাচ্চু পালিয়ে যায়।
এ বিষয়ে বিএনপি নেতা বাবর আলী বাচ্চুর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



