বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের হোটেল নাজ গার্ডেনে তার সহধর্মিণী ডা: জোবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিএসএফ গ্লোবাল আয়োজিত অনুষ্ঠানে ডা: জোবাইদা রহমান ও তারেক রহমান উপস্থিত শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার উপহার দেয়া হয়। অনুষ্ঠানে তারেক রহমান শিশুদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিশুদের পরিবেশনায় মনমুগ্ধকর গান উপভোগ করেন।
বগুড়ায় প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে ডা: জোবাইদা রহমান আগামীর বাংলাদেশ নিয়ে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন।
ডা: জোবাইদা রহমান বলেন, ‘দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব শ্রেণির মানুষ সম্মানের সাথে বাঁচতে পারবে এবং প্রত্যেকে তার ন্যায্য অধিকার পাবে।’
অনুষ্ঠান শেষে তিনি নিজ হাতে গড়া বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে নামাজ আদায় করেন। নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দেশ সেবা করার সুযোগ পেতে সকলের নিকট দোয়া কামনা করেন।
তারেক রহমান বলেন, ‘এই মসজিদের কাজ এখনো অনেক বাকি আছে। যেন সম্পন্ন কাজ শেষ করতে পারি সেজন্য দোয়া চাই।‘
২০০৪ সালের ২৬ মার্চ মসজিদ নির্মাণ কাজ শুরু করেন তারেক রহমান। কারাগারে বন্দি থাকাকালীন ২০০৮ সালের ১১ জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসক হুমায়ুন কবির মুসল্লিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় শুরু করেন তিনি।
পরে তিনি মহাস্থানগড়ে শাহ বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজার জিয়ারত শেষে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।



