ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান পরিকল্পনাকারী ও ডাকাত দলের সরদার মো: নুরে আলমকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের সরকারি আবাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরে আলম কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামের মরহুম আবুল কালাম মাঝির ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর ভোরে কাচিয়া ইউনিয়নের মো: জালাল আহম্মেদের বাড়িতে ডাকাত দল ঢুকে নগদ তিন লাখ ১৭ হাজার টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় আগে গ্রেফতার হওয়া দুই আসামি মো: আরিফ ও মো: রহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তাদের তথ্যের ভিত্তিতেই ডাকাতির মূল পরিকল্পনাকারী ও সরদার নুরে আলমকে গ্রেফতার করে ভোলার আদালতে সোপর্দ করা হয়েছে।



