নড়াইলের লোহাগড়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফার্নিচার ব্যবসায়ী আকতার খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (৪ মে) সকালে ওই শিশুর বাবা থানায় মামলা করেন।
অভিযুক্ত আকতার উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যবসা করেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে পৌরসভার মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ইসলাম শেখের ১১ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে পাশ্ববর্তী আলামুন্সির মোড় এলাকায় ঘোরাঘুরি করছিল। কিছুক্ষণ পর বৃষ্টি নামলে ওই মেয়েটি ফার্নিচারের দোকানে আশ্রয় নেয়। এ সময় ফার্নিচারের দোকানের মালিক আকতার ওই প্রতিবন্ধী মেয়েটিকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
রোববার ধর্ষণের ঘটনা ফাঁস হয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী শিশুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ ঘটনায় ধর্ষিতার বাবা থানায় মামলা করেন।
ঘটনার পর পরই আকতার এলাকা ছেড়ে পালিয়ে যান। মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এমনকি তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগীর বাবা কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি দিনমজুর, গুচ্ছগ্রামে বসবাস করি। আমার মেয়েকে যে নরপশু ধর্ষণ করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।’



