আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদ্ঘাটন

১৯ আগস্ট বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় শিশু তাসিন। এরপর সন্ধ্যায় বাড়ির ছাদ থেকে মুখ ও গলায় লাল টেপ প্যাঁচানো এবং মুখের ভেতর চাল ও পলিথিন ঢোকানো অবস্থায় লাশ তার উদ্ধার করে পুলিশ।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
শিশু আব্দুর রহমান তাসিন, (ডানে) গ্রেফতার আসামি সাইফুল ইসলাম
শিশু আব্দুর রহমান তাসিন, (ডানে) গ্রেফতার আসামি সাইফুল ইসলাম |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ার আলোচিত পাঁচ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। সংস্থাটির দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে রিমান্ডে জানিয়েছে হত্যাকারী।

‎বুধবার (২৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো: জাহাঙ্গীর আলম।

‎সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিমান্ড শেষে গ্রেফতার সাইফুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

‎অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আসামিকে দুই দফায় এক দিন করে রিমান্ডে আনা হয়। প্রথম দফায় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করলেও দ্বিতীয় দফা রিমান্ডে আসামি নিজের ভুল বুঝতে পেরে অপরাধ স্বীকার করে।

‎হত্যাকাণ্ডের কারণ হিসেবে তিনি বলেন, শিশু তাহসিনের বাবার ওপর ব্যক্তিগত আক্রোশ থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে আসামি সাইফুল। এ হত্যাকাণ্ডের সাথে গ্রেফতার সাইফুল ইসলাম ছাড়া অন্য কেউ জড়িত নেই।

‎উল্লেখ্য, গত ১৯ আগস্ট বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় শিশু তাসিন। এরপর সন্ধ্যায় বাড়ির ছাদ থেকে মুখ ও গলায় লাল টেপ প্যাঁচানো এবং মুখের ভেতর চাল ও পলিথিন ঢোকানো অবস্থায় লাশ তার উদ্ধার করে পুলিশ। ‎এ ঘটনায় শিশু তাসিনের বাবা শহিদ মিয়া আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

‎নিহত আব্দুর রহমান তাসিন জামালপুরের মেলান্দহ উপজেলার বাগবাড়ি এলাকার শহিদ মিয়ার ছেলে। সে তার বাবা-মায়ের সাথে ভাদাইলে ভাড়া বাসায় থাকতো।

অন্যদিকে ‎গ্রেফতার সাইফুল ইসলাম (২৭) নোয়াখালীর সেনবাগ থানার ছাতাই পাইয়া এলাকার ছেরাজল হকের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।