মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা।
মঙ্গলবার (১২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাড়ির রান্নাঘরের একটি ইদুরের গর্ত থেকে সাপটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
তিনি নয়া দিগন্তকে জানান, উদ্ধার করা বিষধর সাপটি পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর পরিষ্কার করার সময় বাড়ির নারীরা হঠাৎ ফোঁসফোঁস শব্দ শুনতে পান। পরে একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা সাপটি দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার দেন। বিষয়টি জানতে পেরে গৃহকর্তা সেখানে গিয়ে সাপটিকে মাছ ধরার খোঁচা দিয়ে মারার চেষ্টা করেন। তবে সাপটির আক্রমণাত্মক আচরণ দেখে তিনি আর এগোতে সাহস পাননি।
পরে স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানানো হলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন পরিবেশকর্মী রাজদীপ দেবকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সতর্কতার সাথে অভিযান চালিয়ে তারা সাপটিকে গর্ত থেকে উদ্ধার করতে সক্ষম হন।
স্বপন বলেন, ‘গোখরা সাপ অত্যন্ত বিষধর এবং এটি সাধারণত লোকালয়ে খুব কমই দেখা যায়। কিং কোবরার পরেই এটি অন্যতম বিষাক্ত সাপ হিসেবে পরিচিত।’
তিনি জানান, বর্ষা মৌসুমে এ ধরনের সাপের উপদ্রব বাড়তে পারে। তাই সাপ দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।



