নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো— নাফিজ ও স্বাধীন। তারা দু’জনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (মুরগি বহনকারী) সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ করে মোটরসাইকেলে করে আনন্দের সাথেই ছেলেরা বাড়ি ফিরছিল। হঠাৎ চোখের পলকে একটি পিকআপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সেইসাথে দুর্ঘটনাকবলিত যান দু’টি জব্দ করে পুলিশ।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘট্নায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



