লংগদুতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার

ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন কিশোরীটি গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে ঘোরাফেরা করছিল। এ সময় অভিযুক্ত সুরুজ তাকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী হেলাল উদ্দিনের খামারবাড়ি ও বাথরুমের মাঝখানের ফাঁকা স্থানে নিয়ে যায়।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
গ্রেফতার গ্রাম পুলিশ সুরুজ আলী
গ্রেফতার গ্রাম পুলিশ সুরুজ আলী |নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদুতে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ সদস্য মো: সুরুজ আলীকে (৫৫) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত সুরুজ আলী উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (পূর্ব জালালাবাদ/রাজাপাড়া) মরহুম মীর কাশেম আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন কিশোরীটি গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে ঘোরাফেরা করছিল। এ সময় অভিযুক্ত সুরুজ আলী তাকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী হেলাল উদ্দিনের খামারবাড়ি ও বাথরুমের মাঝখানের ফাঁকা স্থানে নিয়ে যায়। সেখানে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পরই অভিযানে নেমে অভিযুক্ত সুরুজ আলীকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান, ঘটনার পরপরই ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় প্রতিনিধিকর্তৃক (গ্রাম পুলিশ) এমন হীন কর্মকাণ্ডে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্ত সুরুজ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।