সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তেরমাইল নামক স্থানে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আহাদ (৪২) ও সাব্বির আহমদ (২১) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে সড়কের গোলাপগঞ্জ উপজেলার তেরমাইল অংশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে তেরমাইলে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন একটি মোটরসাইকেলে থাকা গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ ও রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির। এ সময় গুরুতর আহত হয়েছেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মরহুম আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫) ও মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



