খুলনায় গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় জোট।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের উত্তর গেটে গণমিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর শিববাড়ি মোড়, ময়লাপোতা মোড়, সাতরাস্তা মোড় হয়ে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলনে, ‘গণভোটের রায় না মানার অর্থ হচ্ছে ফ্যাসিজম প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান জাতিকে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার অনুরোধ জানিয়ে এখন জনরায় মেনে নিচ্ছেন না। কিভাবে জনরায় বাস্তবায়ন করা লাগে, জনগণ সেটা ভালো করেই জানে। সোজা পথে না আসলে জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।’
মহানগর জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর সংগঠক আহমদ হামীম রাহাত ও সাইফ নেওয়াজ, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হারুন অর রশিদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহানগর সভাপতি মুফতি আব্দুল্লাহ মাহমুদী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, জুলাই যোদ্ধা মো: হুযাইফা।



