নওগাঁর পোরশায় ৩৯টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম তুলে দেয়া হয়।
নওগাঁ-১ আসনের অংশ এই উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ২১৩টি কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এসময় নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটুসহ আনসার-ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার ও সিল, ভোটার তালিকাসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ১২ হাজার ৭৬৬ জন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি থাকবে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম।
এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম ৩৯টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগণ ও আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ ব্রিফিং দেন এবং হ্যান্ড মাইক বিতরণ করেন।



