ট্রান্সফরমার চুরির চেষ্টা, যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ট্রান্সফরমার চুরির চেষ্টার ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা গেছে, গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Matlab Uttar
আটক মো: ইউসুফ
আটক মো: ইউসুফ |নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে ওঠে পল্লী বিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে মো: ইউসুফ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাকে ধরে একটি গাছের সাথে বেঁধে মারধর করেন। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যান।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে উপজেলার রাঢ়ীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ইউসুফ উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা। তার সাথে থাকা মো: শামীম ও মো: আফজাল পালিয়ে গেছেন।

পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় বাসিন্দারা জানায়, ভোর ৫টার দিকে ইউসুফ ও তার দুই সহযোগী রাঢ়ীকান্দি এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে ওঠেন। তারা খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা খুঁটির নিচে জড়ো হন। একপর্যায়ে তিনজন খুঁটি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন ইউসুফকে ধরে ফেললেও শামীম ও আফজাল পালিয়ে যান। পরে ইউসুফকে একটি গাছের সাথে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মতলব উত্তর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী রাকিব হোসেন বলেন, ‘গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমারের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রতিটি ঘটনায় থানায় পৃথক মামলা করা হয়েছে।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আটক ইউসুফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’