জীবননগরে মাদক বিক্রির প্রতিবাদে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর

লক্ষীপুর গ্রামের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সাথে জড়িত। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে অসন্তোষ থাকলেও প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি অনেকেই।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
ভাঙচুর করা বসতবাড়ি
ভাঙচুর করা বসতবাড়ি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিক্রির ঘটনায় প্রতিবাদকে কেন্দ্র করে সেলিম রেজা (৪৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে সংঘবদ্ধ হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত দেড়টার দিকে পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, লক্ষীপুর গ্রামের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সাথে জড়িত। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে অসন্তোষ থাকলেও প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি অনেকেই। তবে সেলিম রেজা বারবার ওই চক্রকে মাদক ব্যবসা বন্ধ করার জন্য সতর্ক করে আসছিলেন। সর্বশেষ গত বুধবার বিকেলে তিনি তাদের পুনরায় বাধা দিলে

অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে বিভিন্নভাবে হুমকি দেয়।

ভুক্তভোগীর অভিযোগ, পূর্বপরিকল্পিত ভাবে শুক্রবার গভীর রাতে আট থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালা ভেঙে ফেলে এবং আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এসময় সেলিম রেজা ও তার পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী সেলিম রেজা বলেন, ‘আমি শুধু এলাকার ভালো চেয়েছি। মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে আজ আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।’

তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকায় মাদক ব্যবসা দীর্ঘদিন ধরে চললেও প্রভাবশালীদের কারণে অনেক সময় তা বন্ধ করা যায় না। এ ঘটনায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করছেন।

সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি জোয়াদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নিতে চাইলে আমরা তাদেরকে সহযোগিতা করব। আর যদি উভয়পক্ষ আপস নিষ্পত্তি করতে চায়, তাও আমরা উদ্যোগ গ্রহণ করব।’

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুলাইমান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।