রাজশাহীতে নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের মাকে কুপিয়ে হত্যার পর লাশ রাস্তায় ফেলে গেছে এক ছেলে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে নগরীর খড়খড়ি বাইপাস এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। ঘাতক ছেলের নাম মো: সুমন। পরে স্থানীয়রা সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন মাদকাসক্ত। রাতে নেশা করার টাকার জন্য মা সোহাগীকে চাপ দেন। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোহাগী মারা যান। পরে মায়ের লাশ রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন সুমন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ওই ঘর থেকে ঘাতক সুমনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে থানায় নিয়ে যায় এবং নিহত সোহাগীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে রাতেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



