জাফলংয়ে ভ্রমণে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দাদির সাথে ভ্রমণে এসে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় এক শিশু পর্যটক। খোঁজাখুঁজি করে উদ্ধারের পর দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Location :

Gowainghat
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু |প্রতীকী ছবি

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে দাদির সাথে ভ্রমণে এসে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাফলং জিরো পয়েন্টে নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পটিয়া গ্রামের বাসিন্দা প্রবাসী জুয়েল মিয়ার ছেলে।

জানা গেছে, নরসিংদী থেকে দাদি ও নাতি জিহাদসহ আরো ৪০-৪৫ জন বাসে করে জাফলংয়ে ভ্রমণে আসেন। জাফলং জিরো পয়েন্টে বেলা ১১টার দিকে সবার সাথে গোসলে নামে জিহাদ। একপর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সে। দাদি, তার সাথে আসা লোকজন ও আশপাশের লোকজন তৎক্ষনাৎ তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা ঘণ্টা খানেক পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে গুরতর অবস্থায় জিহাদকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কিংবা পাহাড়ি ঢলের সময় নদীর স্রোত অনেক সময় শক্তিশালী হয়ে ওঠে এবং যেকোনো সময় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে। তাই প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নদীতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। বিশেষ করে শিশুদের ব্যাপারে অভিভাবকদের আরো সচেতন থাকার ওপর জোর দেয়া হয়েছে, যাতে করে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার বলেন, দাদির সাথে ভ্রমণে এসে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় এক শিশু পর্যটক। খোঁজাখুঁজি করে উদ্ধারের পর দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার আত্মীয়রা সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানেও ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।