পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমানুল্লাহ

কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে বৃক্ষরোপণ সেল ও এর সহায়ক টাস্কফোর্সকে প্রয়োজনীয় সহায়তা দিতে ১৪ সদস্যের এই পরামর্শক পুল গঠন করা হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমানুল্লাহ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমানুল্লাহ |নয়া দিগন্ত

‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের পরামর্শক পুলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শনিবার (২২ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে বৃক্ষরোপণ সেল ও এর সহায়ক টাস্কফোর্সকে প্রয়োজনীয় সহায়তা দিতে ১৪ সদস্যের এই পরামর্শক পুল গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরামর্শক পুলের সভাপতি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো: সাইমুন পারভেজ। দেশ-বিদেশের উন্নয়ন গবেষক, পরিবেশবিদ, জলবায়ু গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এ পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে অন্যতম সিনিয়র সদস্য হিসেবে রাখা হয়েছে।

পরামর্শক পুলের সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচির নীতি ও কৌশল প্রণয়ন, নির্দেশিকা তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনায় কারিগরি ও পেশাগত পরামর্শ দেবেন।

বিশেষ করে জিআইএস, রিমোট সেন্সিং ও ডেটা সায়েন্সের মতো আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং জলবায়ু তহবিল সংগ্রহের বিষয়েও তারা পরামর্শ দেবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ের এ পরিবেশ ও টেকসই উন্নয়ন উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ দেশের পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করতে ভূমিকা রাখবে।