মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা

সিলেটের পথে এনসিপির নেতারা রওনা হয়েছেন। গাড়ি বহরে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ডা: মাহমুদা মিতু, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মৌলভীবাজার প্রতিনিধি

Location :

Maulvibazar
সিলেটের পথে এনসিপির নেতারা
সিলেটের পথে এনসিপির নেতারা |নয়া দিগন্ত

মৌলভীবাজার থেকে গাড়িবহর নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।

এর আগে, গতকাল বুধবার এনসিপি নেতারা হবিগঞ্জ যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। পরে রাতে তারা সেখান থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।

মৌলভীবাজার ছাড়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমরা আহত ও শহীদ ভাইদের বিচার চেয়েছি, বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ চেয়েছি। এই কর্মসূচিগুলো নিয়ে আমরা জুলাই মাসে দেশব্যাপী পদযাত্রা করছি। জনগণ গণভোটে ৭০ শতাংশ ভোট দিয়েছে যাতে আমরা সংস্কার বাস্তবায়ন করতে পারি। আমাদের সেই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী হবিগঞ্জ জেলায় এই কর্মসূচি ছিল।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রোগ্রাম শেষ করে যখন বের হলাম তখন আমাদের মিডিয়া টিমের ওপর দফায় দফায় হামলা করা হলো। ড্রাইভারকে তারা বেধড়ক প্রহার করেছে যা বাংলাদেশের ইতিহাসে নেই। ইন্টার পড়ুয়া একটা ছেলের চোখ তুলে নেয়া হয়েছে। জেলা সদস্য সচিবের হাত ভেঙে দেয়া হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে একটা বিক্ষোভ কর্মসূচি ডাকি। সেখানে পুলিশ পদে পদে আমাদের বাধা দিয়েছে। প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’

ট্রাক দিয়ে তাদের বাড়ি বহর আটকে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পাহাড়ের মধ্যখানে পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। সেখান হবিগঞ্জের একটি পুলিশ ফাঁড়িতে আমরা গিয়ে ছাত্রদল ও যুবদলের ১১ জনকে আসামি করে একটি মামলা দিয়েছি। আমাদের ২০ লাখ টাকার জিনিস তারা নিয়ে নেয়। এছাড়া নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায়। একটি গাড়ি ভাংচুরের কারণে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরো বলেন, ‘আমরা দীর্ঘ সময় পর একটি ফ্যাসিবাদী বাংলাদেশ থেকে উত্তরণের পর নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি তখন এ ধরনের ন্যাক্কারজনক হামলা, আমাদের ওপর অত্যাচার, চোখ কেড়ে নেয়া ও মালামাল ছিনিয়ে নেয়া এগুলো দেশবাসী প্রত্যক্ষ করল। আমরা এখনো চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ। যেখানে গণভোটের রায় বাস্তবায়ন হবে।’

এনসিপির গাড়ি বহরে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ডা: মাহমুদা মিতু, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।