সাদাপাথরের পর এবার অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে নেমেছে সিলেটের প্রশাসন। এবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইজারাবহির্ভূত স্থান থেকে বোমা মেশিন, ড্রেজার ও লিস্টার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই শ্রমিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে কোম্পানীগঞ্জের ধোলাই নদীর ইজারা বহির্ভুত স্থানে থেকে বালু তোলার অপরাধে মাটি ব্যবস্থাপনা আইনে তাদেরকে এই বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উত্তর বুড়দেও গ্রামের আব্দুল হান্নানের ছেলে মিজান আহমেদ (৩০) ও শাহাব উদ্দিনের ছেলে মেরাজুল আলী (৩২)। তারা দু'জনেই সাধারণ বালু শ্রমিক।
এর সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিন মিয়া। তিনি জানান, এসব ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণে সক্রিয়। যেকোনো মূল্যে আমরা অবৈধভাবে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুত।
এদিকে কোম্পানীগঞ্জের ধলাই ও পিয়াইন নদীতে শ্যালো ও পরিবেশ বিধ্বংসী ‘বোমা মেশিন’ বসিয়ে অবাধে চলছে বালু লুটপাট। প্রশাসনকে উপেক্ষা করে ইতোমধ্যে প্রায় ২ কোটির বেশি ঘনফুট বালু লুট করে স্তূপ আকারে মজুদ করা হয়েছে, যার বাজারমূল্য ৭০ কোটি টাকারও বেশি। এসব বালু নিয়মিত বিক্রি হচ্ছে এবং রাতের আঁধারে স্টিলবডি নৌকা দিয়ে পাচার হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।
এ বছরের মার্চ থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে উপজেলার বুড়িডহর হাজী হাছন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লামনীগাঁও পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বসতবাড়ি, বিদ্যালয়, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, রাস্তা, ফসলি জমি ও শিমুলতলা আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) এখন ভাঙনের হুমকিতে রয়েছে।
এদিকে স্বেচ্ছায় পাথর জমাদানে প্রশাসনের ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন সিলেটের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম।
আদেশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও পাচারের ঘটনা ঘটছে। এসব কার্যক্রমের কারণে পরিবেশ ও প্রাকৃতিক বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এবার অবৈধ বালুর বিরুদ্ধে অ্যাকশনে নামলেন দেশের আলোচিত সিলেটের নবাগত জেলা প্রশাসক মো: সারওয়ার আলম।



