সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস বলেছেন, আমরা জামায়াতে ইসলামীকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন করিনি। আমাদের নির্বাচন মানুষের মুক্তির জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য।
বুধবার (৪ মার্চ) সন্ধায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর চাইরগাঁও বাজার ইউনিট কর্তৃক আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মদিনার ইসলাম কায়েম করবেন। কিন্তু দেশে এখন সীমাহীন ধর্ষণ, হত্যা, খুন বেড়েছে। আপনারা বলেছেন, সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। ইনসাফপূর্ণ এবং বৈষম্যমুক্ত দেশ গঠন করবেন। কিন্তু এখন চাঁদাবাজি,সন্ত্রাস, রাহাজানি এবং অনিয়ম-দুর্নীতি বেড়েছে। এগুলা বন্ধ করুন, সব অনিয়ম বন্ধ করে আপনাদের প্রতিশ্রুতি অনুসারে কাজ করুন। সমাজের মানুষের মুক্তি এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনারা কাজগুলো করেন আমরা আপনাদের পাশে আছি, সাহায্য করব। কিন্তু সেগুলো থেকে সরে না আসলে আমরা ইমানদার হিসেবে বসে থাকতে পারি না, এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা চাই আপনারা ভালো করেন কিন্তু যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।
এসময় সবাই মিলে আল্লাহর সন্তুষ্টির আমাদের সকল কাজ পরিচালনা করা, এই সমাজকে আল্লাহর আইন আল্লাহর বিধান অনুসারে পরিচালনা করা এবং আমাদের আগামী প্রজন্ম, পরিবার ও সমাজে তা বাস্তবায়নের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
সাবেক ছাত্রনেতা আব্দুল আলিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমির আতাউর রহমান, নায়েবে আমির ডা: আবুল কালাম আজাদ, সেক্রেটারি রফিকুর রহমান, দোয়ারাবাজার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু সালেহ মোহাম্মদ বোরহান।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মতিন, চাইরগাঁও বাজার ইউনিট সভাপতি মকবুল হোসেন।
এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ তিন শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।



