চকরিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বান্দরবানের লামা থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
শহিদুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ কাইসার (৩৭)।
শহিদুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ কাইসার (৩৭)। |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এত আহত গুরুতর হয়েছে আরো তিনজন।

শুক্রবার (১৬ মে) রাত ১১টার দিকে চকরিয়া-জিদ্দা বাজার-ইয়াংছা সড়কের সুরাজপুরের মাঝের পাড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চকরিয়া উপজেলা লক্ষ্যারচর ইউনিয়নে জিদ্দা বাজার এলাকার মরহুম ফজল আহমদের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ফজুমিয়াজি পাড়ার মরহুম কপিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কাইসার (৩৭)।

জানা গেছে, সুরাজপুরের মাঝের পাড়ি ব্রিজের পূর্ব পাশে বান্দরবানের লামা থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। স্থানীয়রা তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠায়।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।