দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের চারটি স্বর্ণের বারসহ সমর হালদার (২৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারদী বিওপি’র পাঁচ কবর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সমর হালদার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারদী বিওপির একটি বিশেষ টহল দল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাঁচ কবর এলাকায় অবস্থান নেয়। এ সময় সমর হালদার একটি বাইসাইকেলে সীমান্তের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
পরে দুইজন বেসামরিক সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জব্দ করা চারটি স্বর্ণের বারের মোট ওজন ৪৫২ গ্রাম। এর আনুমানিক মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা।
তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণের বার ও জব্দ করা মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।



