ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ এখন ঘরে ঘরে। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের লোহাগাড়া উপজেলায় চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। রাত পোহালেই শুরু হবে কাঙ্ক্ষিত ভোট গ্রহণ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লোহাগাড়ায় ৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে নয়টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও ছয়টি কেন্দ্রকে আংশিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা থাকবে।
অধিক ঝুঁকিপূর্ণ নয়টি কেন্দ্র হলো— ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চাকফিরানী চিংগীশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাকফিরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসা, মল্লিক ছোয়ং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া শাহপীর এবতেদায়ী মাদরাসা ও উত্তর হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে রিবতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। চট্টগ্রাম-১৫ আসনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসন সকল ব্যবস্থা নিয়েছে। ভ্রাম্যমাণ আদালনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ইউএনও সাইফুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ৬০০ সদস্য মোতায়েন থাকছে। এর মধ্যে নয়টি টিম সার্বক্ষণিক টহলে থাকবে এবং রিজার্ভ ফোর্স হিসেবে আরো টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুই প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার চার লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এর মধ্যে লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নে ভোটার দুই লাখ ৪২ হাজার ১৭১ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী— জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা), বিএনপির নাজমুল মোস্তফা আমিন (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরী (হাতপাখা)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।



