রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান, ৫ জনকে দণ্ড

মাদক সেবনের আখড়ায় পৃথক অভিযানে পাঁচজনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
দণ্ডপ্রাপ্তরা
দণ্ডপ্রাপ্তরা |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে মাদক সেবনের আখড়ায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের আদর্শপাড়া (হাইজ্যাক) মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে রাব্বি হাওলাদারকে (২০) এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।

রাব্বি উপজেলার উত্তর মনোহরপুর এলাকার মরহুম বাবুল হাওলাদারের ছেলে।

এরপর রাত পৌনে ৯টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী এলাকার তেওয়ারি বাড়িতে অভিযান চালিয়ে মিজানুর রহমান (৪২), তুহিন হাওলাদার (২২), সুজন তেওয়ারি (৪৫) ও সাইফুল ইসলামকে (২৪) আটক করা হয়। তাদের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকদের মধ্যে মিজানুর রহমান গালুয়া ইউনিয়নের বড় গালুয়া এলাকার আব্দুল গনি হাওলাদারের ছেলে, তুহিন হাওলাদার পূর্ব ফুলহার এলাকার মৌজে আলী হাওলাদারের ছেলে, সুজন তেওয়ারি বড় কৈবর্তখালী এলাকার জয়রাম তেওয়ারির ছেলে এবং সাইফুল ইসলাম একই এলাকার মৌজে আলী হাওলাদারের ছেলে।

অভিযান শেষে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, ‘মাদক সেবনের আখড়ায় পৃথক অভিযানে পাঁচজনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদক সেবন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’