কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জেলা প্রশাসক বলেন, ‘পরিকল্পিত উদ্যোগ ও সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কুষ্টিয়ার সাক্ষরতার হার আরো বাড়ানো সম্ভব। এ জন্য সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।’

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে
কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে |নয়া দিগন্ত

কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বর্তমান সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯০ শতাংশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উদ্যোগে আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান। এতে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মিজনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইমাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মফিজুল ইসলাম, কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষিকা শাবানা ইয়াসমীন প্রমুখ। আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে কি-নোট উপস্থাপন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক শাহরিয়ার নাঈম শায়েখ।

সভায় বক্তারা বলেন, কুষ্টিয়া জেলার বর্তমান সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯০ শতাংশ। এই হার আরো বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষক, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশ নেয়া প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক ও ঝরে পড়া জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় আনতে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক বলেন, ‘সাক্ষরতার হার বৃদ্ধির জন্য আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব, কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্পৃক্ত করে জেলার সাক্ষরতার হার আরো বৃদ্ধি করা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘পরিকল্পিত উদ্যোগ ও সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কুষ্টিয়ার সাক্ষরতার হার আরো বাড়ানো সম্ভব। এ জন্য সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।’

আলোচনা সভা থেকে সাক্ষরতার আলোয় আলোকিত সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।