বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকায় সিলেটের চারটি পয়েন্টে বেড়েছে নদ-নদীর পানি। তবে জেলার সব নদীর পানি এখনো বিপষসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শনিবার (১১ জুলাই) পাউবোর পর্যবেক্ষণ অনুযায়ী, সুরমা নদীর সিলেট পয়েন্টে সকাল ৬টায় পানির স্তর ছিল ৯.৭৮ মিটার, যা বিকেল ৩টায় বেড়ে ৯.৮০ মিটারে পৌঁছেছে। তবে কানাইঘাট পয়েন্টে একই সময়ে পানির স্তর শূন্য দশমিক ৫ সেন্টিমিটার কমেছে।
কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানির স্তর সকাল ৬টায় ৯.৬৬ মিটার থেকে বিকেল ৩টায় বেড়ে ৯.৬৯ মিটারে দাঁড়িয়েছে। অন্যদিকে অমলশিদ, শেওলা ও শেরপুর পয়েন্টে পানির স্তর কিছুটা কমতে শুরু করেছে।
এদিকে সারী-গোয়াইন ও ধলাই নদীর পানিও বেড়েছে। গোয়াইনঘাট পয়েন্টে পানির স্তর ৯.৭৭ মিটার থেকে বেড়ে ৯.৮২ মিটারে এবং ধলাই নদীর ইসলামপুর পয়েন্টে ৯.৪৫ মিটার থেকে বেড়ে ৯.৫৫ মিটারে পৌঁছেছে।
পাউবো সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, শনিবার সকাল থেকে সিলেটে বৃষ্টিপাত তুলনামূলক কম হয়েছে এবং উজানের ঢলও কিছুটা কম ছিল। ফলে কোথাও নদীর পানি কমেছে, আবার কোথাও তিন-পাঁচ সেন্টিমিটার বেড়েছে। তবে উজানে বৃষ্টি ও ঢল বাড়লে নদ-নদীর পানিও দ্রুত বাড়তে পারে।
এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত) জেলায় ৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, আগামী অন্তত দুই দিন সিলেটে থেমে থেমে বৃষ্টি হতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্টরা নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন।



