ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫

উপজেলার সিদলাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Location :

Cumilla
কুকুরের কামড়ে আহতরা
কুকুরের কামড়ে আহতরা |নয়া দিগন্ত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে তিন শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সিদলাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত শিশুদের মধ্যে রয়েছে মধ্য সিদলাই গ্রামের রিপন মিয়ার ছেলে মো: আলিফা ইসলাম (৫), কামরুল হাসানের ছেলে মো: হামিম (৫) এবং শরিফুল ইসলামের ছেলে মো: তানভির (সাড়ে ৩ বছর)। আহত অপর দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে শিশুরা নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ একটি পাগলা কুকুর এসে শিশুদের ওপর আক্রমণ চালায়। কুকুরটি একের পর এক কয়েকজনকে কামড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে অন্তত পাঁচজনকে কামড়ে জখম করে কুকুরটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিদলাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রত্যক্ষদর্শী আব্দুল হক বলেন, কুকুরটি হঠাৎ দৌড়ে এসে শিশু ও পথচারীদের ওপর আক্রমণ চালায়। মুহূর্তের মধ্যে কয়েকজনকে কামড়ে আহত করে কুকুরটি পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, কুকুরের কামড়ে আহত হয়ে চারজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাগলা কুকুরের আক্রমণের ঘটনায় মধ্য সিদলাই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত কুকুরটি শনাক্ত করে ধরার পাশাপাশি এলাকায় কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।