বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘ব্যক্তি খাতে কর বাড়ানো হবে না।’ কর বাড়ানো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে মিডিয়ায় এসেছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম। আশাপাশের সব দেশে অনেক বেশি।’
তিনি বলেন, ‘বাংলাদেশে এই রেশিও কম হওয়ার কারণে আমাদের যা রাজস্ব আদায় হয় তা সরকারের খরচ মেটাতে চলে যায়, উন্নয়নে ব্যয় করা সম্ভব হয় না। তাই অর্থমন্ত্রী ট্যাক্স জিডিপির রেশিও বাড়ানোর কথা বলেছেন। তবে ব্যক্তি খাতে কর বাড়বে না।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রথম দু’ একদিন লেবুসহ কয়েকটি পণ্যের দাম অহেতুক বেড়ে গিয়েছিল। এখন আবার আগের অবস্থায় চলে এসেছে।’
তিনি বলেন, ‘এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্তবাণিজ্য (ফ্রি ট্রেড) চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সাথেও মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেয়া হবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে।’
মতবিনিময় সভায় প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, ‘বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে। স্পেনে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স যথাসময়ে পৌঁছে দেয়ার বিষয়েও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারে কাজ চলছে।’ এ কাজে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘জিরো টলারেন্স নীতিতে সরকার কাজ করছে। দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের বড় চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ‘পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট অঞ্চলে প্রতিনিয়তই ঢলের পানি আসে। এ কারণে বর্ষায় এখানে বন্যা হয়। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চালেঞ্জ মোকাবেলায় আমাদের কিছু প্রকল্প চলমান আছে। নতুন আরো কিছু প্রকল্প নেয়া হচ্ছে। এছাড়া যৌথ নদী কমিশনেও আলোচনা হচ্ছে। এখানে দ্রুত যেসব কাজ করা প্রয়োজন তা করা হবে।’
মতবিনিময় সভা শেষে বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী নদীভাঙন কবলিত সুরমা ও চেঙ্গারখাল এলাকা পরিদর্শন করেন।



