কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে গভীর রাতে আগুনে পাঁচটি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার করগাঁও বাজারে ভোররাতের কোনো একসময় আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন প্রথমে কটিয়াদী, পরে নিকলী ফায়ার সার্ভিসকে জানায়। পরে দু’টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বাজারে লেপ-তোষকের দোকানসহ আশপাশের কয়েকটি দোকানে আগুন দেখে বাজারের পাহারাদার চিৎকার শুরু করে। আশপাশের লোকজন আগুন নেভাতে ছুটে আসে। আগুনে লেপ-তোষকের দোকান, স্বর্ণের দোকান, কসমেটিক্সের দোকান, সেলুন ও ওষুধের দোকানের মালামালসহ পুড়ে যায়।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে স্থানীয়রা জানায়, গতরাতে বৃষ্টি ও বাতাস ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মিষ্টির দোকানের চুলার আগুন থেকে বাতাসে ছড়িয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো: রুস্তম আলী বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। নিকলী থেকে একটি ইউনিট আমাদের সাথে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। আনুমানিক ১৯ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’



