চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার পরে আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের স্কুলমোড় এলাকায় ধানের শীষ ও দাঁড়িপাল্লার দীর্ঘ তোরণ নির্মাণ করা হয়, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে।
এ ঘটনায় আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী সরাসরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নতিডাঙ্গা গ্রামের আবদুল মজিদের ছেলে বিএনপি নেতা তানজিল ছোটনকে ৫ হাজার এবং একই এলাকার মরহুম জবেদ আলীর ছেলে জামায়াতকর্মী সেলিম রেজাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের সময় দণ্ডিতরা সাথে সাথে টাকা পরিশোধ করেন।
এ ঘটনায় আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচনী তোরণ নির্মাণের কারণে ভোটগ্রহণের দিন আচরণবিধি লঙ্ঘনের ঘটনা শাসিত হয়েছে এবং প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।



