হাতিয়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

রোববার ভোরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
হাতিয়া থানা
হাতিয়া থানা |সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় জমি নিয়ে বিরোধে মো: ওসমান (৫০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ রোববার ভোরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসমান উপজেলা তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জোড়খালি গ্রামের মরহুম ইদ্রিস আহমদের ছেলে।

ওসমানের স্ত্রী জানান, জায়গা জমির বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তার ভাই এবং ভাতিজাদের সাথে অনেক দিন থেকেই বিরোধ চলে আসছে। ইতোমধ্যে তার ভাইয়েরা ওসমানের সম্পত্তি দখল করে নেয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, তারই জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

তিনি আরো জানান, গভীর রাতে তার স্বামী প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘরের বাইরে যান। অনেক সময় ধরে ঘরে আসতে দেরি হলে তিনি ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে জরুরীভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উপসহকারী মেডিক্যাল অফিসার শিফন চন্দ্র দাস বলেন, তার পুরুষাঙ্গে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার এক ঘণ্টা পরে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ওসমানের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।