গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত অতিথিদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।
রোববার (২২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ‘স্বপ্ন ছায়া রিসোর্টে’ উপজেলা জামায়াতের উদ্যোগে ওই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির মো: আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খায়রুল হাসান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ মুহাম্মদ সালাউদ্দীন আইউবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ মোতাহার হোসেন, গাজীপুর জেলা জামায়াতের আইন ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান খান, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সামসুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক, নারী-পূরুষ, কিশোর-কিশোরী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বক্তব্যে সালাউদ্দীন আইউবী বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করা। সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে আগত অতিথিদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।



