নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন সিটি করপোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ দিয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) নগর ভবনে প্রশাসকের কনফারেন্স রুমে সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি।
সভায় রাসিক প্রশাসক চলতি অর্থবছরে আগামী জুন মাসের মধ্যে বিগত তিন অর্থ বছরের চেয়ে বেশি রাজস্ব বৃদ্ধির আহ্বান জানান।
প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা যথাযথভাবে নাগরিকদের সেবা করতে চাই। নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি হাল ও বকেয়া কর আদায়ের পাশাপাশি আইন অনুযায়ী নতুন আয়ের খাত তৈরি করতে হবে। যেসব খাতে সিটি করপোরেশন রাজস্ব বঞ্চিত হচ্ছে, সেসব খাত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘নাগরিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উত্তম আচরণ করবেন। নগরবাসীকে নাগরিক সেবা নিশ্চিত করতে আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। কর আদায়কারীদের উৎসাহিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ সময় যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী মহানগরী গড়তে বিভিন্ন নির্দেশনা দেন রাসিক প্রশাসক।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সসেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো: তাজউদ্দীন, ট্যাকসেশন কর্মকর্তা (কর) মো: মহীউদ্দীনসহ রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



