জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশ লক্ষণীয়।
নির্বাচন ও গণভোটে উপলক্ষে জয়পুরহাট সংসদীয় আসনের পাঁচবিবিতে ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বিশেষ করে সাধারণ ও অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অভ্যন্তরীণ নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল, সিসি ক্যামেরা স্থাপন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার লক্ষণীয়।
ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থা কয়েক স্তরে সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে, এমন মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম আহমেদ জানান, জয়পুরহাট-১ আসনের পাঁচবিবিতে আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার মোট ৬৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ১৪টি অতি ঝুঁকিপূর্ণসহ ৩০টি সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এবার পাঁচবিবিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ নয় হাজার ৭৯৫ জন। এরমধ্যে নারী এক লাখ পাঁচ হাজার ৭৯৮ জন, পুরুষ এক লাখ তিন হাজার ৯৯৭ জন ও তৃতীয় লিঙ্গের চারজন।
এই নির্বাচন ও গণভোটে উপজেলায় পাঁচজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের টহল দলের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি, পুলিশের আটটি মোবাইল টিম, পুলিশের একটি, আনসার বাহিনীর দু’টি স্ট্রাইকিং টিম ছাড়াও অফিসারসহ মোট ২৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। অত্যধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।



