চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে এবং দুই পায়ের গোড়ালিতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন তিনি।
শনিবার রাত প্রায় ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত জাহিন শেখের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জাহিন শেখের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।



