পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষান-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এই স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো: আমানুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক, এইচ এম শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: আহসানুল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ মুন্সি ও কৃষাণ-কৃষিণীরা।
অনুষ্ঠানে বক্তরা উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সদস্যরা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অর্ধশত কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
কংগ্রেস অনুষ্ঠানে কৃষাণ-কৃষাণীদের মাঝে জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়।
এছাড়া বালাইনাশকের নিরাপদ ব্যবহারের ওপর একটি তথ্যচিত্র বা ভিডিও প্রদর্শন করা হয়। কৃষকদের আধুনিক ও পুষ্টিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ।
অনুষ্ঠানে বিভিন্ন দফতরের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



