উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুর উপজেলার ৮৪ নম্বর রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অফিস কক্ষটি এখন শিক্ষক-কর্মচারীদের জন্য যেন এক দুর্ভোগের নাম। বৃষ্টি শুরু হলেই ছাদের বিভিন্ন অংশ দিয়ে পানি পড়তে থাকে। ফলে অফিসের টেবিল, চেয়ার, আলমারি ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন শিক্ষকরা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, নিজেদের ভেজা থেকে রক্ষা করতে মাথায় পলিথিন ব্যবহার করেই দায়িত্ব পালন করেন শিক্ষকরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির অফিস কক্ষটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একাধিকবার সংস্কার বা নতুন ভবন নির্মাণের আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন বলেন, ‘বৃষ্টি শুরু হলেই অফিস কক্ষে থাকা দায় হয়ে পড়ে। ছাদ দিয়ে পানি পড়ায় আমরা যেমন ভিজে যাই, তেমনি গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকে। উপজেলা প্রশাসনের কাছাকাছি অবস্থান হওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত একটি পাকা অফিস ভবন নির্মাণ হয়নি। বহুবার আবেদন করেও কোনো বরাদ্দ পাইনি।’
তিনি আরো বলেন, ‘এ পরিস্থিতিতে পাঠদান কার্যক্রম পরিচালনা এবং প্রশাসনিক কাজ স্বাভাবিকভাবে চালানো কঠিন হয়ে পড়ে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বরাদ্দের জন্য তালিকা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী সুজা বলেন, ‘তাৎক্ষণিকভাবে সমস্যা কিছুটা লাঘব করতে বিদ্যালয়টিকে ঢেউটিন দেয়া হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের বিষয়টিও বিবেচনায় রয়েছে।’
এদিকে, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি নতুন পাকা অফিস ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, শিক্ষার মানোন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে জরাজীর্ণ অফিস কক্ষের পরিবর্তে আধুনিক ভবন নির্মাণ এখন সময়ের দাবি।



