চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পরিত্যক্ত বিস্কুট ফ্যাক্টরির গার্ডরুম থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত বিস্কুট কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আমিনুল চট্টগ্রাম শহরের বিশ্বকলোনী এলাকার সাহেব আলীর ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সাথে জড়িত ছিলেন।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বিস্কুট কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সকাল ৮টার দিকে ওই কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজনকে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মৃত। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
জানা গেছে, আমিনুল গতকাল বাসা থেকে বের হয়। আজ তার মৃত্যুর খবর পাওয়া যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘ওই কারখানার একজন পাহারাদার সকালে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’



