নোয়াখালীর বেগমগঞ্জে ৩৯ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের মা-মনি নিবাস নামে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একলাশপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মা-মনি নিবাসের দ্বিতীয় তলার ছয় নম্বর ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। অভিযানে মাদক কারবারি সাকিবের বেডরুম থেকে ৩৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন, একলাশপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো: নুরুল আমিনের ছেলে মো: মাহফুজুর রহমান সাকিব (৩০), চৌমুহনী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়ার ভক্ত বাড়ির শংকর সাহার ছেলে হৃদয় সাহা (৩২) ও চৌমুহনী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কুরি পাড়া নিকুঞ্জ ঘোষের বাড়ির নারায়ণ চন্দ্র ঘোষের ছেলে শিপন চন্দ্র ঘোষ (৩২)।
নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


