কক্সবাজারের ঈদগাঁও বাজার এলাকা থেকে মোহাম্মদ হাসান (২৮) নামে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, শুক্রবার (১ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঈদগাঁও পুরাতন ছাগল বাজার সংলগ্ন বজল ফার্মেসির সামনে থেকে মোহাম্মদ হাসানকে অপহরণ করে সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা। শুক্রবার বন্ধের দিন হওয়ায় আশপাশে লোকজন কম ছিল। সেই সুযোগে অপহরণকারীরা হাসানকে রামু থানাধীন ঈদগড় এলাকার দিকে নিয়ে যায়।
সংবাদ পেয়ে ঈদগাঁও থানার একটি টিম অভিযান পরিচালনা করে ঈদগাঁও থানাধীন পালপাড়া এলাকা থেকে অপহৃত ভিকটিম মোহাম্মদ হাসানকে উদ্ধার করে। একই সময় অপহরণকারী মোরশেদ আলম (২৬), আবুল বাশার (৫০) ও নুরুল হাকিমকে (৩২) আটক করা হয়। অভিযানে অপহরণ কাজে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশাও আটক করা হয়।
ওসি আরো জানান, ঘটনায় ভিকটিমের এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।



